পোশাক খাতে মজুরি বোর্ডের গেজেট হবে দুদিনের মধ্যে: শ্রমমন্ত্রী
তৈরি পোশাক শিল্পের জন্য শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম পাওয়া গেলে দুদিনের মধ্যে নতুন মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে।
তৈরি পোশাক শিল্পের জন্য শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম পাওয়া গেলে দুদিনের মধ্যে নতুন মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে। মঙ্গলবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ কথা জানান। তিনি বলেন, সরকার ও মালিকপক্ষের নাম চূড়ান্ত হয়েছে। শ্রমিক নেতাদের আগামী এক সপ্তাহের মধ্যে আলোচনা করে নিজেদের প্রতিনিধি নির্ধারণ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও জানান, সরকারি ছুটি না থাকলে তালিকা পাওয়ার দুই কার্যদিবসের মধ্যেই গেজেট হবে। এছাড়া যেসব প্রতিষ্ঠানে বেতন বকেয়া রয়েছে, মালিকদের সাথে যোগাযোগ করে তা দ্রুত পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে। কারখানার অসন্তোষ ভেতরেই আলোচনার মাধ্যমে মেটানোর পরামর্শ দিয়ে তিনি শ্রমিকদের সড়ক অবরোধ না করার আহ্বান জানান। পাশাপাশি বাইরের কোনো পক্ষ যেন সুযোগ নিয়ে বিশৃঙ্খলা না করে, সেদিকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেন।
শ্রমিকদের কল্যাণ ও শিল্পকারখানা সচল রেখে দেশের উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি আশা করেন, ত্রিপক্ষীয় আলোচনার পর সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা রাখবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।