ডেইলি বাংলাগ্রাম

হজযাত্রীদের চিকিৎসার জন্য কাটা সোয়া ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

চলতি বছর ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা বাবদ কেটে নেওয়া অর্থ ফেরত দিয়েছে সৌদি আরব।

হজযাত্রীদের চিকিৎসার জন্য কাটা সোয়া ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

চলতি বছর ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা বাবদ কেটে নেওয়া অর্থ ফেরত দিয়েছে সৌদি আরব। গত ২৯ অক্টোবর এই অর্থ দেশে ফেরত আসে। রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এই তথ্য নিশ্চিত করেন। ফেরত পাওয়া অর্থের পরিমাণ ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি এজেন্সির অধীনে থাকা ৩১০ জনের জন্য ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ রিয়াল এবং সরকারি ব্যবস্থাপনার ৩০ জনের জন্য ১ লাখ ১৫ হাজার ৯২ রিয়াল কেটে রাখা হয়েছিল। ধর্মমন্ত্রী জানান, গুরুতর অসুস্থ, ক্যানসার ও কিডনি রোগী, মানসিক ভারসাম্যহীন এবং অন্তঃসত্ত্বা নারীদের হজে পাঠানোর ব্যাপারে সৌদি আরবের বিধিনিষেধ রয়েছে। চিকিৎসকদের কিছু অসতর্কতায় এমন ব্যক্তিরা হজে যাওয়ায় এই অর্থ কাটা হয়েছিল। পরবর্তী সময়ে ধর্ম মন্ত্রণালয়ের পদক্ষেপে সম্পূর্ণ অর্থ ফিরে পাওয়া যায়।

হজ ব্যবস্থাপনার অন্যান্য অগ্রগতির কথা তুলে ধরে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের উদ্বৃত্ত অর্থ থেকে ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীকে ব্যাংকের মাধ্যমে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের হজের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা, যা চলতি বছরের চেয়ে ২৪ হাজার ৮৩০ টাকা কম। এর আগে ২০২৩ সালে হজের বিমান ভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।