মোদীকে নিয়ে মন্তব্যের ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ২০১৮ সালে করা মন্তব্যের জেরে হওয়া ফৌজদারি মানহানি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ২০১৮ সালে করা মন্তব্যের জেরে হওয়া ফৌজদারি মানহানি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আবেদনের শুনানিতে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি অপরেশ কুমার সিংয়ের বেঞ্চ এই অন্তর্বর্তী আদেশ দেন। একই সঙ্গে আদালত মহারাষ্ট্র সরকার এবং মামলার বাদীকে নোটিশ পাঠিয়েছেন। আগামী চার সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর এই মামলার কার্যক্রম বাতিল করতে অস্বীকৃতি জানিয়েছিল বোম্বে হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন রাহুল গান্ধী। শীর্ষ আদালতে তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি যুক্তি দেন, এই মামলাটি গ্রহণযোগ্য নয়। এরপর আদালত বিচারিক আদালতের চলমান কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এর আগে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছিল, ওই মন্তব্যের কারণে শুধু প্রধানমন্ত্রী নন, দলের অন্য সদস্যরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না তা বিচারিক আদালতে প্রমাণের বিষয়।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাফায়েল চুক্তির সূত্র ধরে রাজস্থানে এক সমাবেশে ‘হিন্দুস্তান কা চৌকিদার চোর হ্যায়’ মন্তব্য করেন রাহুল গান্ধী। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এর ভিত্তিতে বিজেপি নেতা মহেশ শ্রীশ্রীমল ২০১৯ সালে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির নালিশ করেন। তাঁর অভিযোগ ছিল, এই বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীসহ বিজেপি ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে চোর বলা হয়েছে।