ডেইলি বাংলাগ্রাম

শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারের জাতীয় আইন ১২ মাস পেছাল ইইউ

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সদস্য দেশগুলোর প্রস্তাবিত আলাদা জাতীয় আইন ১২ মাসের জন্য স্থগিত করেছে ইউরোপীয় কমিশন।

শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারের জাতীয় আইন ১২ মাস পেছাল ইইউ

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সদস্য দেশগুলোর প্রস্তাবিত আলাদা জাতীয় আইন ১২ মাসের জন্য স্থগিত করেছে ইউরোপীয় কমিশন। বৃহস্পতিবার ব্রাসেলসে এই সিদ্ধান্তের কথা জানান কমিশনের মুখপাত্র টমাস রেনিয়ের। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশে শিশুদের সুরক্ষায় একটি অভিন্ন নিয়ম চালু করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে প্রস্তাবিত ‘ইউরোপীয় ইউনিয়ন কিডস অ্যাক্ট’-এর সঙ্গে মিল থাকা জাতীয় খসড়াগুলো আপাতত কার্যকর হচ্ছে না।

কমিশনের মতে, ২৭টি সদস্য দেশে বয়সের ভিন্ন ভিন্ন সীমা বা বিধিমালার কারণে যাতে অনলাইন বাজারের নিয়মকানুন জটিল না হয়ে পড়ে, সে জন্যই এই সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখপাত্র জানান, সদস্য দেশগুলোর আইনের মধ্যে কিছু পদ্ধতিগত পার্থক্য রয়েছে। অস্ট্রিয়াসহ যেসব দেশ পরে প্রস্তাব এনেছে তাদের ক্ষেত্রে স্থগিতাদেশ প্রযোজ্য হলেও ফ্রান্স ও গ্রিসের পরিস্থিতি কিছুটা আলাদা। কারণ এই দুই দেশ কমিশনের প্রস্তাবের আগেই নিজেদের আইনের কথা জানিয়েছিল এবং তাদের ক্ষেত্রে নির্ধারিত অপেক্ষার সময় ইতিমধ্যে পার হয়ে গেছে।

গত মাসে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর ধাপে ধাপে বিধিনিষেধ আরোপের প্রস্তাব দেয় কমিশন। এতে ১৩ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার পুরোপুরি নিষিদ্ধের সুপারিশ করা হয়। এছাড়া ১৫ বছর পর্যন্ত শিশুদের জন্য মা-বাবার তত্ত্বাবধানে সীমিত আকারে এসব মাধ্যম ব্যবহারের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।