ব্রাজিলের নির্বাচনকে ‘কলঙ্কজনক’ বললেন ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনকে দেশটির জনগণের জন্য একটি ‘লজ্জাজনক’ ঘটনা ও ‘কলঙ্ক’ হিসেবে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনকে দেশটির জনগণের জন্য একটি ‘লজ্জাজনক’ ঘটনা ও ‘কলঙ্ক’ হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার সাউথ ক্যারোলাইনায় একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। তবে নির্বাচনের বৈধ বিজয়ী কে—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ট্রাম্প দাবি করেন, ব্রাজিলের নির্বাচনে অসঙ্গতি ছিল এবং দেশটির সাম্প্রতিক বাজার পরিস্থিতিই এর প্রমাণ। ব্রাজিলের রবিবারের রানঅফ নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন রক্ষণশীল প্রার্থী ফ্লাভিও বলসোনারো। নির্বাচনে পরাজয়ের পর বলসোনারো যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই ট্রাম্প এই প্রতিক্রিয়া জানালেন।
এদিকে কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন বলসোনারো। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থান করে বিরোধী দলের নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। অর্থপাচার ও আর্থিক জালিয়াতির তদন্ত চলার কারণে দেশটির সুপ্রিম কোর্ট তাকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ উপেক্ষা করেই তিনি ব্রাজিল ছাড়েন। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে, বলসোনারো ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়া হয়েছে।