ডেইলি বাংলাগ্রাম

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

যশোর শহরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

যশোর শহরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কের নতুন বাজার এলাকায় নিজ বাড়ির সামনে তিনি আক্রান্ত হন। এতে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁর মাথায় তিনটি সেলাই দেন। তিনি বর্তমানে শঙ্কামুক্ত হয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন।

ঘটনার বর্ণনায় সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজমালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। তিনি ওই এলাকার পরিবেশ পরিষ্কার রাখতে চাওয়ায় তাঁর ওপর ক্ষোভ তৈরি হয়েছিল বলে জানান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহসান কবির জানিয়েছেন, দুপুর দুইটার দিকে জরুরি বিভাগে তাঁকে চিকিৎসা দেওয়া হয় এবং আঘাত গুরুতর না হওয়ায় তিনি বাড়ি ফিরে গেছেন।

এই ঘটনায় সমু চৌধুরী বাদী হয়ে দুজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ জাহাঙ্গীর তালুকদার (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন। তবে ঘটনার বিষয়ে গ্যারেজমালিক হৃদয় দাবি করেন, তিনি এতে জড়িত নন এবং কথা–কাটাকাটির জেরে জাহাঙ্গীর হামলা চালিয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অভিনেতার ওপর এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।