ডেইলি বাংলাগ্রাম

শেনজেন ভিসা সেবা বন্ধ করল ঢাকার সুইডেন দূতাবাস

ঢাকায় অবস্থিত সুইডেনের দূতাবাস শেনজেন ভিসার আবেদন নেওয়া ও প্রক্রিয়াকরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

শেনজেন ভিসা সেবা বন্ধ করল ঢাকার সুইডেন দূতাবাস

ঢাকায় অবস্থিত সুইডেনের দূতাবাস শেনজেন ভিসার আবেদন নেওয়া ও প্রক্রিয়াকরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। সোমবার দূতাবাসের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফলে ভিসা সংক্রান্ত যাবতীয় বিষয়ের জন্য আবেদনকারীদের এখন সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, তারা বর্তমানে শেনজেন ভিসার আবেদন গ্রহণ কার্যক্রম থেকে বিরত রয়েছে। তাই নতুন আবেদন, আমন্ত্রণপত্র, আপিল কিংবা যেকোনো প্রশ্নের সুরাহার জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও পরিষ্কার করা হয়, শেনজেন ভিসা বিষয়ক কোনো তথ্য, দিকনির্দেশনা বা সহায়তা দেওয়ার এখতিয়ার এখন আর দূতাবাসের নেই। এ কারণে সব ভিসা প্রার্থী ও স্পন্সরদের প্রয়োজনীয় যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গেই কথা বলার অনুরোধ করা হয়েছে।