ডেইলি বাংলাগ্রাম

সৌদির দাম্মামেও বিমানের ফ্লাইট স্থগিত, বিপাকে হাজারো যাত্রী

সৌদি আরবের রিয়াদের পর এবার দাম্মাম রুটের ফ্লাইট চলাচলও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সৌদির দাম্মামেও বিমানের ফ্লাইট স্থগিত, বিপাকে হাজারো যাত্রী

সৌদি আরবের রিয়াদের পর এবার দাম্মাম রুটের ফ্লাইট চলাচলও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থা। আজ মঙ্গলবার বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান জানিয়েছে, ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি পরে জানানো হবে। জরুরি প্রয়োজনে দেশটিতে যাতায়াতের জন্য যাত্রীদের জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের অনুরোধ করা হয়েছে। এ সংক্রান্ত তথ্যের জন্য বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসও ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৮২টি ফ্লাইটের ওপর প্রভাব পড়েছে। এতে ঢাকা থেকে সৌদিগামী ১৩ হাজার ৭১ জন যাত্রী অনিশ্চয়তায় পড়েছেন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৩২টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট রুটের। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশের ১০টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ৫টি ও রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে। ট্রানজিট ফ্লাইটের মধ্যে রয়েছে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট।

মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে সম্প্রতি সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে টানা তিন দিন হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে গত শনিবারের ভয়াবহ হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন এবং আরেক বাংলাদেশি গুরুতর আহত হন। এরপর থেকেই ঢাকা থেকে ফ্লাইট চলাচলে এই অচলাবস্থা তৈরি হয়।