মাধ্যমিকে ভর্তির নতুন নীতিমালা জারি, প্রথম শ্রেণিতে লটারি ও অন্য শ্রেণিতে পরীক্ষা
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌসের স্বাক্ষরে এই নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে। কোনো বিদ্যালয়ের দুটি শিফট পছন্দ করলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। তবে একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন করলে তা বাতিল হয়ে যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয় ডিজিটাল লটারির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করবে। এছাড়া প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত নির্বাচিতদের তালিকার পাশাপাশি খালি আসনের সমান অপেক্ষমাণ তালিকা রাখতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিতরা ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী নেওয়া হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধা অনুযায়ী শিক্ষার্থী বাছাই করা হবে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ৫০ নম্বরের ভর্তি পরীক্ষার সময় হবে এক ঘণ্টা। এতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। অন্যদিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের এবং সময় থাকবে দুই ঘণ্টা। এই পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে।