ডেইলি বাংলাগ্রাম

ইজতেমার তারিখ নির্ধারণ ও সহিংসতা তদন্তসহ সাদপন্থীদের ৬ দাবি

টঙ্গীর বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত নির্ধারণ, বিগত সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং তাবলিগের কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে মাওলানা সাদের অনুসারীরা।

ইজতেমার তারিখ নির্ধারণ ও সহিংসতা তদন্তসহ সাদপন্থীদের ৬ দাবি

টঙ্গীর বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত নির্ধারণ, বিগত সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং তাবলিগের কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে মাওলানা সাদের অনুসারীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই ছয় দফা দাবি তুলে ধরে। একই সঙ্গে দেশের মসজিদগুলোতে নিয়মিত ধর্মীয় কাজ নির্বিঘ্নে পরিচালনার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানায় সংগঠনটি।

সম্প্রতি ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ’-এর সংবাদ সম্মেলনের বক্তব্যকে বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে ২০১৮ সালে ইসমাইল মণ্ডল ও শামসুদ্দিন বেলাল এবং ২০২৪ সালের ১৮ ডিসেম্বর বেলাল হোসেন ও মিজানুর রহমানের প্রাণহানির বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। পাশাপাশি ২০১৯ সালে কিশোরগঞ্জের আব্দুর রহিম রাজন ও ২০২৩ সালে ঢাকার নিউমার্কেটের শামসুল হক হত্যার সুষ্ঠু তদন্তের দাবিও করা হয়। এছাড়া ২০২৪ সালের ১৪ ডিসেম্বর পুলিশ কমিশনারের কার্যালয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ১৭ ডিসেম্বর রাতে ডা. আসগরের কথিত অডিওর সত্যতা যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে।

সাদপন্থীদের ছয় দফার মধ্যে আরও রয়েছে—টঙ্গী ময়দানের ব্যবহারে ন্যায্যতা নিশ্চিত করা, বিভিন্ন মারকাজ মসজিদের বিরোধের আইনি নিষ্পত্তি এবং ‘তৌহিদি জনতা’র ব্যানারে মসজিদে বাধা প্রদান বন্ধ করা। অভ্যন্তরীণ বিষয়ে বাইরের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবিও রয়েছে এতে। এসব সংকট নিরসনে সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং সম্প্রীতি রক্ষায় সবার দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছে সংগঠনটি।