ডেইলি বাংলাগ্রাম

সৈয়দপুর কারখানায় ট্রেনের বগি সংস্কারের মান নিয়ে ক্ষোভ রেলমন্ত্রীর

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনের বগির সংস্কারকাজে চরম অসন্তোষ জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

সৈয়দপুর কারখানায় ট্রেনের বগি সংস্কারের মান নিয়ে ক্ষোভ রেলমন্ত্রীর

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনের বগির সংস্কারকাজে চরম অসন্তোষ জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কারখানাটি পরিদর্শনে যান। সেখানে কোচের জানালার নিম্নমানের কাজ দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিনি জিজ্ঞেস করেন, নিজের বাড়ির জানালার কাজ হলে কি এভাবে করা হতো?

পরিদর্শনকালে মন্ত্রী কারখানাটির বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদের প্রতি বিরক্তি প্রকাশ করেন। মন্ত্রী বলেন, এত বড় প্রতিষ্ঠানে এমন নিম্নমানের কাজ হচ্ছে তা এখানে না এলে তিনি বুঝতেই পারতেন না। এমন কাজের চেয়ে সংস্কার বন্ধ রাখাই ভালো। যেকোনো সাধারণ ছোট ওয়ার্কশপেও এর চেয়ে ভালো কাজ হতে পারে। এই ধরনের কাজের কারণে কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের যোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হয় বলে তিনি মন্তব্য করেন।

এদিন মন্ত্রী কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রীর একান্ত সচিব হাবিবুল হাসান এবং বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর উপস্থিত ছিলেন। এছাড়া রেলওয়ের পশ্চিমাঞ্চল ও সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।