ডেইলি বাংলাগ্রাম

পদ্মা ব্যারেজসহ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত

পদ্মা নদীতে ওয়াই-আকৃতির দ্বিতীয় সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পদ্মা ব্যারেজসহ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত

পদ্মা নদীতে ওয়াই-আকৃতির দ্বিতীয় সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, তিনটি গুরুত্বপূর্ণ মেগাপ্রকল্পই সরকার বাস্তবায়ন করবে।

বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে। আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ এই সমীক্ষা শেষ হতে পারে। এরপরই এ দুটি প্রকল্পের চূড়ান্ত নকশা, স্থান ও ব্যয়ের বিষয়টি ঠিক করা হবে। নতুন পদ্মা সেতু নির্মিত হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ছাড়াও মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের বিকল্প সংযোগ তৈরি হবে। পাশাপাশি দ্বিতীয় যমুনা সেতুর মাধ্যমে রংপুরসহ পুরো উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আলোচনায় বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্পের অগ্রগতিও তুলে ধরা হয়। একনেকে অনুমোদিত এই ব্যারেজের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানির ঘাটতি মেটানো ও কৃষির উন্নতির পাশাপাশি ওপর দিয়ে সড়ক যোগাযোগের সুযোগ রাখা হচ্ছে। এ বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, নৌ ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।