সৌদি রুটে ১৫৯ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে বিধিনিষেধের কারণে বাংলাদেশগামী ও বহির্গামী মোট ১৫৯টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে বিধিনিষেধের কারণে বাংলাদেশগামী ও বহির্গামী মোট ১৫৯টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৭২১ জন যাত্রী। ৩ অক্টোবর, মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছে।
বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৮২টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এর মাঝে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, ইন্ডিগোর ৩০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৫টি ফ্লাইট রয়েছে। পাশাপাশি এমিরেটসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বিঘ্নের কবলে পড়েছে।
এমন পরিস্থিতিতে যাত্রীদের কষ্ট লাঘব করতে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে বেবিচক। ফ্লাইট চলাচল দ্রুত স্বাভাবিক করতে সংস্থাটি এয়ারলাইনসগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে আটকে থাকা ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চালানো হচ্ছে।