মদনে মাদক মামলায় ছাত্রদল নেতাসহ চারজন কারাগারে, দল থেকে বহিষ্কার
নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবনের অভিযোগে স্থানীয় এক ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবনের অভিযোগে স্থানীয় এক ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পরে মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ওই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
গ্রেপ্তার হওয়া আবদুল বারী আকন্দ মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন হুমায়ুন কবির (৩২), মানিক মিয়া (৩২) ও তারেক মিয়া (২৪)। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন জানান, সোমবার রাত ৯টার দিকে ফচিকা টি অ্যান্ড টি রোড এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ইয়াবা ও গাঁজা সেবনের সময় হাতেনাতে এই চারজনকে আটক করে পুলিশ। এ সময় আরও চার-পাঁচজন পালিয়ে যায়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।
এদিকে এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে জরুরি সভা করে অভিযুক্ত আবদুল বারী আকন্দকে দল থেকে বহিষ্কার করা হয়। নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ থাকায় তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।