ডেইলি বাংলাগ্রাম

বাংলাদেশে এসে হারানো ম্যাকবুক ফেরত পেলেন জার্মান পর্যটক

বাংলাদেশে ভ্রমণে এসে হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার-ওয়েবার।

বাংলাদেশে এসে হারানো ম্যাকবুক ফেরত পেলেন জার্মান পর্যটক

বাংলাদেশে ভ্রমণে এসে হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ম্যাকবুকটি তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। দ্রুত ডিভাইসটি উদ্ধার করে দেওয়ায় তিনি বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ক্রিল। পরে ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে মালামাল রেখে তিনি এটিএম বুথে যান। ফিরে এসে ল্যাপটপ না পেয়ে নাটোর সদর থানায় লিখিত অভিযোগ করেন। তাঁর ওই ল্যাপটপে বিগত ছয় মাসের কাজের গুরুত্বপূর্ণ তথ্য জমা ছিল। এরপর জেলা পুলিশ, সদর থানা, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের যৌথ দল অভিযানে নামে। টানা চেষ্টার পর ১১ অক্টোবর রাতে কাপুড়িয়াপট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে ম্যাকবুকটি উদ্ধার করা হয়।

প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন পুলিশপ্রধান। একই সঙ্গে তিনি দেশের সব পুলিশ ইউনিটকে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার এবং জনমুখী সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।