ডেইলি বাংলাগ্রাম

সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় এয়ারলাইনসগুলোর জন্য নতুন নির্দেশনা

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে।

সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় এয়ারলাইনসগুলোর জন্য নতুন নির্দেশনা

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। এমন পরিস্থিতিতে দেশটিতে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এক চিঠিতে এয়ারলাইনসগুলোকে বেশ কিছু নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

নির্দেশনায় বলা হয়েছে, ফ্লাইটের সূচি পরিবর্তন, বিলম্ব বা বাতিলের তথ্য যাত্রীদের এসএমএস, ফোনকল, ইমেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দ্রুত জানাতে হবে। টিকিট রিফান্ড ও নতুন বুকিংসহ অভিবাসন কিংবা ভিসার মেয়াদ বাড়ানোর প্রয়োজনে ঢাকায় সৌদি দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে যাত্রীদের সহায়তা করতে হবে। বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের জন্য খাবার, পানি ও বিশ্রামের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিশু, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি বিশেষ নজর দিতে বলা হয়েছে।

পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে প্রতিটি এয়ারলাইনসকে তাৎক্ষণিকভাবে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। ওই কর্মকর্তার নাম, পদবি ও যোগাযোগের মাধ্যম দ্রুত বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগকে জানাতে হবে। কোনো যাত্রীকে অসহায় অবস্থায় ফেলে না রেখে সহানুভূতিশীল আচরণের মাধ্যমে প্রয়োজনীয় সব তথ্য ও সেবা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।