ডেইলি বাংলাগ্রাম

ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার আইনি ব্যবস্থা নেবে।

ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার আইনি ব্যবস্থা নেবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন, বিদেশে ড. ইউনূসসহ বাংলাদেশি নাগরিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ চলছে।

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, তিনি ব্যক্তিগতভাবে এর কোনো সুযোগ দেখছেন না। দলটি নিজেদের অপরাধের জন্য অনুশোচনা না করে বরং সহিংসতা উসকে দিচ্ছে। ড. ইউনূস ও ববি হাজ্জাজের সঙ্গে তাদের অতীত আচরণের কথাও তিনি মনে করিয়ে দেন। পাশাপাশি তিনি জানান, ন্যায়বিচারের স্বার্থে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সে দেশের সরকারকে ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে।

ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের না যাওয়া প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, এটি নিয়ে ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর হয়তো অন্য কোনো কাজ ছিল, তবে সম্মেলনে স্বরাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন।