সচিবালয়ে সংসদ সদস্যদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি প্রবেশে কড়াকড়ি
সচিবালয়ে প্রবেশের সময় সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে চালক ও ব্যক্তিগত কর্মকর্তা ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না।
সচিবালয়ে প্রবেশের সময় সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে চালক ও ব্যক্তিগত কর্মকর্তা ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না। প্রশাসনিক এই কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও প্রবেশাধিকারের বিষয়টি নিশ্চিত হয়েই প্রবেশের সুযোগ দেওয়া হবে।
গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিবালয়ের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে সংশ্লিষ্ট কয়েকজন সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। সভায় জানানো হয়, নতুন এই নির্দেশনা কার্যকর হলে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে নির্ধারিত দুজনের বাইরে আর কেউ সচিবালয়ে ঢুকতে পারবেন না।
সংসদ সদস্যরা প্রায়ই নিজেদের গাড়িতে চার থেকে পাঁচজনকে নিয়ে সচিবালয়ে প্রবেশ করায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছিল। অতিরিক্ত ব্যক্তিদের অনুমতি যাচাই করা নিরাপত্তাকর্মীদের জন্য কঠিন হতো। বিশেষ করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের গাড়ির বিষয়ে দায়িত্বে থাকা ব্যক্তিরা অনেক সময় কঠোর অবস্থান নিতে পারতেন না। গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেই যাচাই-বাছাই বাধ্যতামূলক করা হয়েছে।