ডেইলি বাংলাগ্রাম

কাপ্তাই সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে গ্রিডে যুক্ত হলো ৭৪ কোটি টাকার বিদ্যুৎ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে স্থাপিত দেশের প্রথম অনগ্রিড সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে এ পর্যন্ত জাতীয় গ্রিডে প্রায় ৬ কোটি ৩৭ লাখ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

কাপ্তাই সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে গ্রিডে যুক্ত হলো ৭৪ কোটি টাকার বিদ্যুৎ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে স্থাপিত দেশের প্রথম অনগ্রিড সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে এ পর্যন্ত জাতীয় গ্রিডে প্রায় ৬ কোটি ৩৭ লাখ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। উৎপাদিত এই বিদ্যুতের বাণিজ্যিক বাজারমূল্য প্রায় ৭৪ কোটি টাকা। দীর্ঘ ৫০ বছর পরিত্যক্ত থাকা পাহাড়ি জমিতে সাত বছর আগে গড়ে ওঠা কেন্দ্রটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে বড় ভূমিকা রাখছে।

কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, ১৯৬২ সালে পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর কাপ্তাই বাঁধের পাশে অব্যবহৃত পড়ে থাকা ১৯ একর জমিতে এটি গড়ে তোলা হয়। ২০১৯ সালে প্রায় ১১১ কোটি টাকা ব্যয়ে ৭ দশমিক ৪ মেগাওয়াট সক্ষমতার এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হয়েছিল। বর্তমানে এর উৎপাদন সক্ষমতা বাড়াতে আরও দুটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে বিদ্যমান কেন্দ্রে ১ মেগাওয়াট এবং ব্রিকফিল্ড এলাকায় ৭ দশমিক ৬ মেগাওয়াটের নতুন একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যার দরপত্র কার্যক্রমও শেষ হয়েছে।

কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, এই প্ল্যান্ট পরিচালনায় জনবল ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। তেল, গ্যাস কিংবা কয়লার মতো প্রচলিত জ্বালানি না লাগায় এটি পরিবেশ রক্ষা এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সাহায্য করছে। দেশের মোট ভূখণ্ডের এক-দশমাংশ জুড়ে থাকা তিন পার্বত্য জেলার অনাবাদি পাহাড়ি জমিকে সৌরবিদ্যুতের আওতায় আনা গেলে দেশে নবায়নযোগ্য জ্বালানির পরিধি আরও বাড়ানো সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করছেন।