ডেইলি বাংলাগ্রাম

সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ বিএনপির তৃণমূলের

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এবং জামালপুরের বকশীগঞ্জে নতুন সার ডিলার নিয়োগ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ বিএনপির তৃণমূলের

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এবং জামালপুরের বকশীগঞ্জে নতুন সার ডিলার নিয়োগ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় আর্থিক লেনদেন, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। তালিকায় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর পাশাপাশি কৃষিমন্ত্রীর আত্মীয়ের বন্ধু এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীর নাম আসায় অসন্তোষ তীব্র রূপ নিয়েছে।

কুমিল্লায় ৩০ জনের বেশি আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিকে ডিলারশিপ দেওয়ার তথ্য প্রকাশ পেয়েছে। চান্দিনা উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে ডিলারপ্রতি পাঁচ থেকে সাত লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়। তবে উপপরিচালক দাবি করেছেন, তিনি নীতিমালার বাইরে কোনো কাজ করেননি। এছাড়া কৃষিমন্ত্রীর শ্যালকের দুই বন্ধু এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ডিলারশিপ পেলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে কোনো প্রভাব খাটানোর কথা অস্বীকার করেছেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নানের ভাগনে, নাতনি জামাই ও বোনের দেবরসহ একাধিক নিকটাত্মীয় ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এসব নিয়োগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির তৃণমূল পর্যায়ের নেতারা। এছাড়া জামালপুরের বকশীগঞ্জে গত সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে বহিষ্কৃত হওয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম সাদাকে ডিলারশিপ দেওয়া নিয়ে স্থানীয় রাজনীতিতে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।