দুর্গাপূজার নিরাপত্তায় দেশজুড়ে নামছে ১০ হাজার বিজিবি
আসন্ন দুর্গাপূজা ঘিরে সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
আসন্ন দুর্গাপূজা ঘিরে সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাদের মাঠে রাখা হবে। সোমবার বিজিবি সদর দফতরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের ভেতর এবং ব্যাটালিয়ন সদরের কাছাকাছি মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে বিজিবি নিরাপত্তা দেবে। দুর্গম এলাকায় নিয়মিত টহল নিশ্চিতে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এছাড়া কোনো ধরনের উসকানি বা গুজব যেন না ছড়ায়, সেজন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন পরিষদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে।
রাজধানী ঢাকার বিষয়ে তিনি বলেন, সরকারের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে মিলে বিজিবি কাজ করবে। জরুরি যেকোনো পরিস্থিতিতে তারা তাৎক্ষণিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উৎসব পালন করতে পারেন, সেজন্য বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।