ডেইলি বাংলাগ্রাম

২৬ অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে: রেড ক্রিসেন্ট

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো: আবদুস সালাম ও প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি।

২৬ অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে: রেড ক্রিসেন্ট

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো: আবদুস সালাম ও প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি। সোমবার (১২ অক্টোবর) এক প্রতিবাদলিপিতে সোসাইটির মহাসচিব মো: হাবিবুর রহমান খান জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আগামী ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজনের কাজ পুরোদমে চলছে। আদালতের ৬ অক্টোবরের নির্দেশনা মেনে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট ইউনিটগুলোতে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য, প্রতিরক্ষা, সমাজকল্যাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নাম সংগ্রহ করে নতুন নির্বাচন কমিশন গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবাদলিপিতে মহাসচিব, উপমহাসচিব ও পরিচালকসহ বিভিন্ন পদে নিয়োগে অনিয়ম এবং ২২ জনকে বিধিবহির্ভূতভাবে চাকরি দেওয়ার দাবি নাকচ করা হয়। রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের মতে, সব নিয়োগ কার্যক্রম নির্ধারিত নিয়মনীতি মেনেই সম্পন্ন হয়েছে। অনৈতিক লেনদেন বা ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে নিয়োগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। যথাযথ তথ্যপ্রমাণ যাচাই ছাড়া এমন অভিযোগ প্রকাশ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এছাড়া হলি ফ্যামিলি হাসপাতালের লিফট কেনায় অনিয়ম এবং চেয়ারম্যানের মামলার খরচ প্রতিষ্ঠান থেকে দেওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করা হয়েছে। সংস্থাটির দাবি, লিফট কেনার সিদ্ধান্ত হাসপাতালের পরিচালনা পর্ষদের সম্মতিক্রমেই নেওয়া হয়েছিল। কোনো ধরনের আর্থিক নথি ও ব্যয়ের উদ্দেশ্য পরীক্ষা না করেই এ ধরনের তথ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলেও জানান মহাসচিব।