বুড়িগঙ্গার তীরে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরানো হলো ১০০ টন বর্জ্য
বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন এই অংশে প্রায় ১০০ টন প্লাস্টিকসহ অন্যান্য আবর্জনাও অপসারণ করা হয়। হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়নে এই সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়। কাজে দুটি এক্সকাভেটর এবং পাঁচটি ড্রাম ট্রাক অংশ নেয়।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের রিট আবেদনের (নং ৩৬৭৬/২০১০) পর গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হাইকোর্ট সংশ্লিষ্ট এলাকার বর্জ্য অপসারণের নির্দেশ দেন। সেই নির্দেশনা মানতে গঠিত কমিটি এই অভিযান চালায়। এতে বিআইডব্লিউটিএ, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে অংশ নেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম। এ ছাড়া পুলিশ ও নৌপুলিশ সদস্যরা সেখানে দায়িত্ব পালন করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নদীদূষণ বন্ধ, বর্জ্য পরিষ্কার ও সব অবৈধ স্থাপনা পুরোপুরি উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবে।