নাসিরনগরে সারের ডিলার হলেন এমপির ছেলেসহ তিন স্বজন, ক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সারের নতুন ডিলার হিসেবে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের ছেলে, ভগ্নিপতি ও ভাগিনার স্ত্রী নিয়োগ পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সারের নতুন ডিলার হিসেবে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের ছেলে, ভগ্নিপতি ও ভাগিনার স্ত্রী নিয়োগ পেয়েছেন। গত শুক্রবার উপজেলার ১৩টি ইউনিয়নের জন্য ১৩ জন ডিলারের তালিকা প্রকাশ করা হয়। এরপরই ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, দলের ত্যাগী কর্মীদের বাদ দিয়ে সংসদ সদস্যের পরিবার ও বিতর্কিত ব্যক্তিদের এই সুবিধা দেওয়া হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, গোকর্ণ ইউনিয়নে সংসদ সদস্যের ছেলে মোহাম্মদ আদনান সাদী, সদরে ভগ্নিপতি আরক মিয়া এবং গোয়ালনগরে ভাগিনার স্ত্রী নুরুন্নাহার আক্তার ডিলার হয়েছেন। এছাড়া অন্য ইউনিয়নগুলোর কয়েকজন ডিলারের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী ডিলারদের ২৫ টন ধারণক্ষমতাসম্পন্ন গুদাম থাকা বাধ্যতামূলক হলেও অনেকের তা নেই। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জানান, প্রাথমিক যাচাই শেষে তালিকা জেলায় পাঠানো হয়েছিল এবং চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে তিনি অবগত নন।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য এম এ হান্নান। তিনি দাবি করেন, সরকারি নিয়ম মেনেই সবকিছু হয়েছে এবং ওই তিন ইউনিয়নে অন্য কোনো উপযুক্ত প্রার্থী আবেদন করেননি। অর্থ লেনদেনের অভিযোগকেও তিনি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১০৬টি ডিলারশিপের বিপরীতে ৮২৫টি আবেদন জমা পড়েছিল, যার মধ্য থেকে জেলা কমিটি ২৯২ জনের নাম কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করে।