ডেইলি বাংলাগ্রাম

ফ্যামিলি কার্ডে নগদ সহায়তার যোগ্যতা ও বাদ পড়ার শর্ত নির্ধারণ

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নগদ অর্থ পাওয়ার অগ্রাধিকার এবং তালিকা থেকে বাদ পড়ার আটটি শর্ত নির্ধারণ করেছে সরকার।

ফ্যামিলি কার্ডে নগদ সহায়তার যোগ্যতা ও বাদ পড়ার শর্ত নির্ধারণ

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নগদ অর্থ পাওয়ার অগ্রাধিকার এবং তালিকা থেকে বাদ পড়ার আটটি শর্ত নির্ধারণ করেছে সরকার। এই সহায়তার জন্য উপযুক্ত পরিবার চিহ্নিত করতে সোমবার (১২ অক্টোবর) থেকে সারা দেশে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এ কার্যক্রমে গ্রামীণ হতদরিদ্র, নিম্নআয়ের মানুষ, ভূমিহীন, দিনমজুর এবং অসচ্ছল ও নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী, নির্ধারিত কিছু শর্তের কারণে অনেক পরিবার এই সুবিধার বাইরে থাকবে। পরিবারের কোনো সদস্য সরকারি বা এমপিওভুক্ত চাকরিজীবী হলে কিংবা নিয়মিত পেনশন পেলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। এছাড়া ব্যাংক বা সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি আমানত, তিন বা চার চাকার মোটরযান, বড় ব্যবসা এবং করযোগ্য আয় থাকলেও অযোগ্য বিবেচনা করা হবে। বসতভিটাসহ আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে এবং পাঁচ লাখ টাকার বেশি দামের বাণিজ্যিক সম্পত্তি থাকলেও সহায়তা মিলবে না। একই পরিবার থেকে একাধিক ব্যক্তি এই কার্ড পাবেন না।

গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে। তালিকাভুক্তির জন্য কোনো প্রকার অর্থ লেনদেন না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কেউ টাকা দাবি করলে ১০৯৮ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে। জাতীয় পরিচয়পত্র ও স্থানীয় ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হবে। অনিয়ম রোধে ‘সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেম’-এর মাধ্যমে তথ্য যাচাই করে মোবাইল ব্যাংকিংয়ের সহায়তায় সরাসরি সুবিধাভোগীদের কাছে এই নগদ অর্থ পাঠানো হবে।