পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ইউজিসির কমিটি
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি করা হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা জানান। রোববার বিকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিদেশি কারিকুলামে পড়া শিক্ষার্থীদের ভর্তির সুযোগ সম্প্রসারণ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, দেশে প্রতি বছর প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী ‘ও’ ও ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নেয়। তবে বর্তমান ভর্তি পরীক্ষা পদ্ধতি ও সনদের সমমান নির্ধারণের জটিলতায় তারা সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ কম পায়। বিষয়টিকে শিক্ষাব্যবস্থার ‘সিস্টেম লস’ হিসেবে আখ্যা দিয়ে তিনি জানান, সবার সমান অংশগ্রহণ নিশ্চিতে ইউজিসির সুপারিশের ভিত্তিতে নতুন নীতিমালা করা হবে। একই সঙ্গে তিনি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠানগুলোতে দেশের ইতিহাস, বাংলা ভাষা ও সংস্কৃতির পাঠদান বাড়ানোর আহ্বান জানান।
অ্যালায়েন্স অফ প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোর্শেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামসহ ব্রিটিশ কাউন্সিল ও বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।