রাজনৈতিক জীবন ধ্বংস করতে চেয়েছিল বিএনপি: রুমিন ফারহানা
সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, বিএনপি তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল।
সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, বিএনপি তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। দল থেকে মনোনয়ন না দেওয়া এবং কোণঠাসা করার পেছনে এই উদ্দেশ্য ছিল বলে তিনি দাবি করেন। একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে করপোরেট সংস্কৃতির উদাহরণ টেনে তিনি জানান, কোনো প্রতিষ্ঠানে প্রধান ব্যক্তির চেয়ে অধীনস্থ কর্মী বেশি যোগ্য হয়ে উঠলে তা অনেক সময় ভালোভাবে নেওয়া হয় না। তার অভিযোগ, দল চেয়েছিল তাকে ক্ষতির মুখে ফেলে সংরক্ষিত আসনেই আটকে রাখতে। তবে তিনি দীর্ঘ ৮ থেকে ৯ বছর ধরে এলাকায় তৃণমূল মানুষের পাশে থেকে কাজ করেছেন। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেই তিনি মাঠে লড়াই করছেন।
দলের চেয়ে দেশকে প্রাধান্য দেওয়ার নীতি স্মরণ করে রুমিন ফারহানা বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’—এই দর্শনে তিনি বিশ্বাস করেন। একজন রাজনীতিক হিসেবে দেশের মানুষের স্বার্থকে তিনি সব সময় ওপরে স্থান দিয়েছেন। সেই অবস্থান থেকেই তিনি নিজের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রেখেছেন বলে জানান।