রিয়াদে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ৭টি ফ্লাইট বাতিল
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার দুপুর দেড়টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরটিতে অচলাবস্থা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪, এসভি ৮০৫, এসভি ৮০৬, এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪ রয়েছে। এছাড়া ঢাকা থেকে রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৯ ফ্লাইটটিও বাতিল করা হয়েছে। এর আগে শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইটটি গন্তব্যে পৌঁছাতে না পেরে বিকল্প স্থানে নামে। গতকাল বেলা ৩টা ১০ মিনিটে ঢাকায় নামার কথা থাকলেও ফ্লাইটটি রাত ৩টা ১০ মিনিটে এসে পৌঁছায়।
রিয়াদের বিমানবন্দর বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগেই ঢাকা-রিয়াদ রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট স্থগিতের নোটিশ দেয়। সংস্থাটি সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে পরবর্তী সময়সূচি জানানো হবে বলে জানিয়েছে তারা। ভোগান্তি এড়াতে বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।