দেশে দুই শতাধিক উড়োজাহাজ দেখতে চান বিমানমন্ত্রী
দেশের বিমানবহরে ২০০টির বেশি উড়োজাহাজ যুক্ত করার ইচ্ছার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
দেশের বিমানবহরে ২০০টির বেশি উড়োজাহাজ যুক্ত করার ইচ্ছার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, ভবিষ্যতের প্রয়োজনীয়তা মাথায় রেখে ৩৫টি নতুন উড়োজাহাজ সংগ্রহের পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব উড়োজাহাজ ২০৩১ সাল থেকে দেশে পৌঁছানো শুরু করবে এবং ২০৩৬-৩৭ সাল পর্যন্ত তা চলবে। রোববার দুপুরে ময়মনসিংহের সারিন্দা সবারি রিসোর্টে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিটি করপোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী আরও জানান, কানাডা, নিউইয়র্ক, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গন্তব্যে ফ্লাইট বাড়ানো দরকার। এতে আন্তর্জাতিক যোগাযোগের পাশাপাশি দেশের পর্যটন খাত বিকশিত হবে। ঢাকার বিমানবন্দরের ওপর চাপ কমাতে ময়মনসিংহের ত্রিশালে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে এই বড় প্রকল্প বাস্তবায়নে সময়ের প্রয়োজন হবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানে মন্ত্রী ময়মনসিংহে একটি শিশুপার্ক স্থাপন এবং ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া নেত্রকোনার বিরিশিরিকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। শিক্ষার্থীদের তিনি নিয়মানুবর্তী হওয়া এবং মাদক পরিহারের পরামর্শ দেন। সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য জাকির হোসেন বাবলু ও লুৎফুল্লাহেল মাজেদ উপস্থিত ছিলেন। শেষে টেন মিনিট স্কুলের আয়মান সাদিক শিক্ষার্থীদের ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা দেন।