এসএসসিতে অনুত্তীর্ণ বিষয়ে ৩ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ ইতিবাচকভাবে ভাবছে সরকার
এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ বিষয়ে পুরো এক বছর অপেক্ষা না করে তিন মাসের মধ্যেই পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।
এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ বিষয়ে পুরো এক বছর অপেক্ষা না করে তিন মাসের মধ্যেই পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রাথমিক, গণশিক্ষা ও শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ কথা জানিয়েছেন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে চলতি বছর থেকেই এই ব্যবস্থা কার্যকর করা কিছুটা কঠিন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
মাহদী আমিন জানান, পরীক্ষায় ভালো ফল না করা শিক্ষার্থীদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের প্রয়োজন অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা কিংবা ব্যবসা শুরুর তহবিল দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে প্রচলিত নিয়মে কোনো বিষয়ে অনুত্তীর্ণ হলে পরের বছরের নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে পুনরায় অংশ নিতে হয়। সম্মেলনে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকেরা তিন মাসের মধ্যে কেবল অকৃতকার্য বিষয়ে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান। বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে দ্রুত বিবেচনার আশ্বাস দেন উপদেষ্টা।
গত ১০ আগস্ট প্রকাশিত ফলে ৯টি সাধারণ বোর্ডে পাসের হার নেমে দাঁড়ায় ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশে। মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। পরবর্তীতে ফল পুনর্নিরীক্ষণে নতুন করে ৪ হাজার ৫৮৫ জন পাস করে এবং ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পায়। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীসহ অন্যরা বক্তব্য দেন।