প্রবাসীদের বিশেষ ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
প্রবাসী বাংলাদেশিদের বিশেষ ব্যাংক হিসাব ‘এনআরসিটিএ’ বা নন-রেসিডেন্ট কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট পরিচালনার বিধানে পরিবর্তন এসেছে।
প্রবাসী বাংলাদেশিদের বিশেষ ব্যাংক হিসাব ‘এনআরসিটিএ’ বা নন-রেসিডেন্ট কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট পরিচালনার বিধানে পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় এখন থেকে আরও বেশি ব্যাংকে এই হিসাব খোলার সুযোগ মিলবে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এক নির্দেশনার মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
নতুন নিয়মানুযায়ী, অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকেও এই হিসাব খোলা যাবে। গ্রাহকরা তাঁদের সুবিধামতো চলতি, সঞ্চয়ী কিংবা মেয়াদি আমানত হিসেবে এটি পরিচালনা করতে পারবেন। বিদেশ থেকে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস বা মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পাঠানো অর্থ এই হিসাবে জমা করা যাবে। এ ছাড়া নিজের বৈদেশিক মুদ্রা হিসাব থেকেও অর্থ স্থানান্তর করা সম্ভব।
এই হিসাবে থাকা অর্থ দিয়ে দেশে খরচ করা, অন্য হিসাবে পাঠানো এবং অনুমোদিত খাতে বিনিয়োগের সুযোগ থাকবে। এই জমার বিপরীতে প্রবাসীরা ঋণও নিতে পারবেন। একই সঙ্গে হিসাবের মূল অর্থ ও মুনাফা বিদেশে নেওয়ার সুবিধাও বহাল থাকছে। পাশাপাশি প্রবাসীদের জন্য অনলাইনে হিসাব খোলা ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের পথ উন্মুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।