এবার আরও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
বিগত বছরগুলোর চেয়ে এবার শারদীয় দুর্গাপূজা আরও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উদযাপিত হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বিগত বছরগুলোর চেয়ে এবার শারদীয় দুর্গাপূজা আরও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উদযাপিত হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি জানান, উৎসব নির্বিঘ্ন করতে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবক দল। শনিবার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, সরকারকে বিব্রত করতে কিছু স্বার্থান্বেষী মহল অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তবে প্রশাসন এ বিষয়ে পুরোপুরি সজাগ রয়েছে। সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মাদককে একটি জাতীয় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সরকার আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এতে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়ালসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রতিমন্ত্রী সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিণীর ২৫তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে ‘আলেমা খাতুন ভাসানী’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।