নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে বিএনপি সরকারের সমালোচনা ডাকসু ভিপির
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে সরকারের কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে সরকারের কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, ভেরিফিকেশন জটিলতার পর বর্তমান বিএনপি সরকার প্রশ্নফাঁসের নতুন সংকট তৈরি করেছে। এতে দেশ আবার বিগত আওয়ামী লীগের শাসনামলের অবস্থায় ফিরে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের পরীক্ষা স্থগিতের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডাকসু ভিপি বলেন, ২৭ লাখ বেকারের দেশে মেধার ভিত্তিতে চাকরির দাবিতেই জুলাই বিপ্লব হয়েছিল। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই বেকার তরুণদের সেই আশার সঙ্গে বেইমানি করেছে। তিনি আরও অভিযোগ করেন, এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং ৪৯তম বিসিএসেও যাচাই-বাছাইয়ের নামে শত শত প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল, যা পরে প্রতিবাদের মুখে ফিরিয়ে নেওয়া হয়।
সাদিক কায়েম দাবি করেন, সরকারের ভেতরের সহযোগিতা ছাড়া এমন প্রশ্নফাঁস সম্ভব নয়। এ ঘটনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও দায় এড়াতে পারেন না বলে তিনি উল্লেখ করেন। পরীক্ষা বাতিলের পর কেন্দ্রগুলোর সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের সঙ্গে একাত্মতা জানান ডাকসু ভিপি। তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সব নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।