ডেইলি বাংলাগ্রাম

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন শুক্রবার বেলা ৩টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের এই পরীক্ষা নেওয়া হবে। শনিবার দুপুর আড়াইটার দিকে কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়। পরীক্ষার যাবতীয় তথ্য চাকরিপ্রার্থীদের মুঠোফোনে দ্রুত খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে শনিবার সকাল ১১টায় পরীক্ষাটি শুরুর কথা ছিল। অধিদপ্তর সব ধরনের প্রস্তুতিও শেষ করেছিল। তবে পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিট আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়ায় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। হঠাৎ এই সিদ্ধান্তে পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাৎক্ষণিকভাবে তারা রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে ৩ লাখেরও বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। পরীক্ষা আয়োজনের জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে প্রস্তুতি নেওয়া হয়েছিল। দূরদূরান্ত থেকে ঢাকায় আসা পরীক্ষার্থীরা শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় আর্থিক ক্ষতি ও চরম ভোগান্তির মুখে পড়েন।