রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ডিএমপির জালে ৫২৩ জন, মামলা ৪০
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৫২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৫২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাদের আটক করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন বিভাগের মধ্যে মিরপুরে সর্বোচ্চ ৯০ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মতিঝিল বিভাগে ৮২, তেজগাঁওয়ে ৭৯, ওয়ারীতে ৭৫, লালবাগে ৫৯, গুলশানে ৪৭, উত্তরায় ৪৩ এবং রমনা বিভাগে ৩৬ জন গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি গোয়েন্দা বিভাগ ১১ জন ও সিটিটিসি একজনকে গ্রেপ্তার করে।
অভিযান চলাকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, সাত গ্রাম হেরোইন ও দুই ক্যান বিয়ার জব্দ করা হয়। এছাড়া একটি কাভার্ডভ্যান, দুটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এক ভিকটিমকেও উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।