ডেইলি বাংলাগ্রাম

সাজেকে আজ দুপুর থেকে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ

রাঙামাটির সাজেকে আজ শনিবার দুপুর ১২টা থেকে টানা ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে।

সাজেকে আজ দুপুর থেকে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ

রাঙামাটির সাজেকে আজ শনিবার দুপুর ১২টা থেকে টানা ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটি যৌথভাবে এই অবরোধের ডাক দিয়েছে। সাজেক এলাকায় জেএসএস (সন্তু লারমা) দলের সশস্ত্র অবস্থান ও সাধারণ মানুষকে হুমকির প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নেয়। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে জেএসএস সদস্যদের এলাকা থেকে না সরালে আন্দোলন আরও জোরদার করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার সাজেকের মাচালং উজো বাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে জেএসএসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউপিডিএফের চাপে পড়ে সংগঠন দুটি এ কর্মসূচি দিয়েছে এবং তারা কাউকে কোনো হুমকি দেয়নি। অন্যদিকে ইউপিডিএফ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কাউকে জোর করা হয়নি, তবে জনগণের দাবির প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

এদিকে শুক্রবার রাতে সাজেক পর্যটনকেন্দ্রে প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছিলেন। সড়ক অবরোধ শুরুর আগেই আজ সকাল ১০টার দিকে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় পর্যটকদের সাজেক থেকে নিরাপদে বাঘাইহাটের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।