ডেইলি বাংলাগ্রাম

নির্ধারিত দাম কার্যকর হয়নি, বাজারে চড়া মূল্যে বিক্রি হচ্ছে এলপিজি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রান্নার গ্যাসের নতুন দর নির্ধারণ করলেও বাজারে তা মানা হচ্ছে না।

নির্ধারিত দাম কার্যকর হয়নি, বাজারে চড়া মূল্যে বিক্রি হচ্ছে এলপিজি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রান্নার গ্যাসের নতুন দর নির্ধারণ করলেও বাজারে তা মানা হচ্ছে না। সংস্থাটি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা ঠিক করেছে। তবে ক্রেতাদের তা কিনতে হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে এই অস্থিরতা চলছে। সরবরাহ সংকটের সুযোগে আমদানি থেকে খুচরা পর্যায় পর্যন্ত বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে।

রাজধানীর হাতিরপুল ও মিরপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় সিলিন্ডার বিক্রি হচ্ছে। বিইআরসির হিসেবে ডিলারদের ১ হাজার ৭৪২ টাকায় সিলিন্ডার কেনার কথা। কিন্তু এলপিজি ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী, অপারেটররা ডিলারদের কাছ থেকে ১ হাজার ৭৪০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দাবি করছে। সমিতির সভাপতি মো. সেলিম খান জানান, বাড়তি দামে কেনা এবং পরিবহন খরচ বাড়ার কারণে তারা নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারছেন না। অনেক ডিলার সেপ্টেম্বর থেকে চাহিদামতো গ্যাস না পাওয়ার অভিযোগও করেছেন।

দেশে আগস্টে ১ লাখ ৫৮ হাজার ও সেপ্টেম্বরে ১ লাখ ৫৬ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। মোট আমদানির প্রায় পুরোটাই আসে বেসরকারি ১০ থেকে ১২টি প্রতিষ্ঠানের মাধ্যমে। আমদানির পরিমাণ কাছাকাছি থাকলেও বাজারে ঘাটতি তৈরি হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। আমদানিকারকরা আন্তর্জাতিক বাজারে খরচ বৃদ্ধি ও নীতিগত জটিলতাকে কারণ হিসেবে দেখাচ্ছেন। সংকট মোকাবিলায় জেলা প্রশাসকদের তদারকির নির্দেশ দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। পাশাপাশি কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বিইআরসি।