দুই বাংলার সনাতন ধর্মাবলম্বীদের মহালয়ার শুভেচ্ছা জানালেন ভারতীয় হাইকমিশনার
মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা।
মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা। শনিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মহানগর সর্বজনীন পূজা কমিটির এই আয়োজনে তিনি দুই বাংলার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন।
মন্দিরের আন্তরিক আতিথেয়তার প্রশংসা করে তা আজীবন মনে রাখার কথা বলেন দীনেশ ত্রিবেদী। এর আগে ভোর ৬টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল সাড়ে ৭টায় পূর্বপুরুষদের স্মরণে তিল-তর্পণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ছিল বিশেষ প্রার্থনা ও ঘট স্থাপনের আয়োজন। দেবীপক্ষের আগমনে পূজামণ্ডপগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
মহানগর সর্বজনীন পূজা কমিটির হিসাব অনুযায়ী, এবার সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে মূল দুর্গোৎসব। সবশেষে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই আয়োজনের।