ডেইলি বাংলাগ্রাম

সীতাকুণ্ডে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, স্বামীসহ আটক ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দনা রানী শীল (২২) নামের এক তরুণীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সীতাকুণ্ডে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, স্বামীসহ আটক ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দনা রানী শীল (২২) নামের এক তরুণীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পেছন থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। চন্দনা দক্ষিণ-পশ্চিম সৈয়দপুর এলাকার তেজেন্দ্র দাশের মেয়ে। এই ঘটনায় নিহতের স্বামী শিমুল শীলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের পর বড় কুমিরার বাসিন্দা শিমুল শীলের সঙ্গে চন্দনার বিয়ে হয়। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। ঘটনার আগের দিনও নির্যাতনের শিকার হয়ে বাবার বাড়িতে চলে এসেছিলেন তিনি। পরে তাঁর স্বামী আবার ডেকে নিয়ে যান। সকালে ফেসবুকে ছবি দেখে পরিবার লাশ শনাক্ত করে। বিকেলে থানা প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সে মেয়ের মরদেহ দেখে বাবা-মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে হত্যার পর লাশটি বিদ্যালয়ের পেছনে ফেলে রাখা হয়েছিল। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের পেছনে যৌতুক নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।