শনিবার রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের অংশ হিসেবে শনিবার (১০ অক্টোবর) বগুড়া ও রাজশাহীর কিছু অঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের অংশ হিসেবে শনিবার (১০ অক্টোবর) বগুড়া ও রাজশাহীর কিছু অঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। সাময়িক এই ভোগান্তির কারণে বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
নেসকো বগুড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরাবাদ সেনানিবাস সংলগ্ন সাসেক প্রকল্পের ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। এ কাজের জন্য ৩৩ কেভি রহমান নগর এবং ৩৩ কেভি বনানী ফিডারের অধীন এলাকাগুলোতে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।
অন্যদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লাইনের পাশের গাছের ডালপালা কাটবে নেসকো রাজশাহী বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগ। ফলে ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এলাকায় সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। একই দিন তেঘর থেকে বাগধানী অংশে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ চালু করা হবে।