পদত্যাগকারী এমপির বিচার নিয়ে প্রশ্ন তুললেন মারদিয়া মমতাজ
ফৌজদারি অপরাধে জড়িত প্রভাবশালীদের দায়মুক্তি এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ।
ফৌজদারি অপরাধে জড়িত প্রভাবশালীদের দায়মুক্তি এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। পদত্যাগ করতে বলা সরকারি দলের এক সংসদ সদস্য আদৌ কোনো বিচারের মুখোমুখি হয়েছেন কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। শুক্রবার অনুষ্ঠিত ‘মুক্ত গণমাধ্যম, বাক্স্বাধীনতা ও রাজনৈতিক সহিংসতা’ শীর্ষক জাতীয় সেমিনার-২০২৬-এ তিনি এসব কথা বলেন।
মারদিয়া মমতাজ অভিযোগ করেন, সরকারের নির্দেশে সংসদ সদস্যের পদত্যাগের ঘটনাটিকে গণমাধ্যমে বড় পদক্ষেপ হিসেবে দেখানো হয়েছিল। তবে এটি ফৌজদারি অপরাধ হওয়া সত্ত্বেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সংবাদমাধ্যম কোনো প্রশ্ন তোলেনি। তাঁর মতে, একটি বিষয়কে আড়াল করতে আরেকটি বিষয় সামনে আনা হচ্ছে। আর এই প্রক্রিয়ায় গণমাধ্যমকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সংবাদমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার বিষয়েও তিনি কথা বলেন। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। অন্যথায় সংবাদমাধ্যম রাষ্ট্রের স্বাধীন স্তম্ভ হিসেবে কাজ না করে শুধু সরকারের মুখপত্রে পরিণত হবে।