ডেইলি বাংলাগ্রাম

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও মানোন্নয়নে সহায়তা করবে সরকার: মাহ্‌দী আমিন

বাংলাদেশি স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও মানোন্নয়নে সহায়তা করবে সরকার: মাহ্‌দী আমিন

বাংলাদেশি স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) আয়োজিত ‘বাংলাদেশ আর্চ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, তরুণদের বিদেশে উচ্চশিক্ষা সহজ করা এবং স্থাপত্য শিক্ষার সার্বিক মানোন্নয়নে প্রয়োজনীয় সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার।

মাহ্‌দী আমিন উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া নীতিমালার মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের অবকাঠামো ও স্থাপত্য খাতে বড় রূপান্তর ঘটবে। তিনি জানান, দেশে প্রতিবছর প্রায় এক হাজার শিক্ষার্থী স্থাপত্যবিদ্যায় স্নাতক শেষ করছেন। তাঁরা যেন দেশে থেকেই বিদেশের বড় প্রকল্পে কাজ করতে পারেন, সে জন্য ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি দরকার। এ লক্ষ্যে আইএবি, ইউজিসি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে ক্যানবেরা অ্যাকর্ডের স্বীকৃতি আদায়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রমের আধুনিকায়ন, স্টুডিও সুবিধার উন্নয়ন এবং অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও বাজেট বরাদ্দে সরকারের প্রস্তুতির কথা জানান তিনি।

বর্তমান সরকারের আট মাসের পথচলায় প্রতিটি প্রতিবন্ধকতাকে সুযোগ হিসেবে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশীয় প্রতিভাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন অবকাঠামো গড়ে তোলা সম্ভব। সম্মেলনে আইএবি সভাপতি অধ্যাপক ড. শরীফ শামস ইমন সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, দক্ষিণ আফ্রিকার স্থপতি কেভিন বিংহ্যাম, অধ্যাপক এম মাহবুবুর রহমান, অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিক, স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ ও অধ্যাপক ড. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।