ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে দুই দিনের নবজাতক চুরি
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বোরকা পরা এক নারী কৌশলে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। চুরি হওয়া নবজাতকের মা মরিয়ম বেগম বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের শামিম মিয়ার স্ত্রী। তিনি গত মঙ্গলবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দিয়েছিলেন।
স্বজন ও রোগীদের ভাষ্যমতে, ঘটনার সময় মরিয়ম ব্যথায় কাতর হয়ে শয্যায় শুয়ে ছিলেন। তখন অজ্ঞাত ওই নারী কাছে এসে তাঁর মাথায় হাত বুলিয়ে দেন এবং শিশুটিকে কোলে নেন। পরে মরিয়ম তাঁর স্বামীর খোঁজে ওয়ার্ডের বাইরে গেলে ওই নারীও শিশুটিকে কোলে নিয়ে পেছনে যান। একপর্যায়ে সুযোগ বুঝে তিনি নবজাতকটিকে নিয়ে সটকে পড়েন। এর আগে দুপুর ১২টার দিকেও ওই নারী অন্য এক রোগীর শিশুকে কোলে নেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। ভিড়ের কারণে কর্তব্যরত নার্সরাও তাঁকে রোগীর স্বজন ভেবে সন্দেহ করেননি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীনুর আলম বিষয়টি পুলিশকে অবহিত করার কথা জানিয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, নবজাতককে উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।