ডেইলি বাংলাগ্রাম

তৃণমূলের খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

তৃণমূলের খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। তৃণমূলের মানুষ অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) খুলনার দৌলতপুরে অবস্থিত আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খামারিদের কৃষক কার্ডের আওতায় এনেছেন। এর মাধ্যমে খামারিদের সার্বিক মানোন্নয়নের কাজ চলছে। তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে এবং ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই খাতে তরুণদের উৎসাহিত করতে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ঋণসহ প্রয়োজনীয় সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি দৌলতপুরের খামারটির আধুনিকায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো: বয়জার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।