ডেইলি বাংলাগ্রাম

দখলমুক্ত স্থানে এক মাসের মধ্যে খেলার মাঠ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় উচ্ছেদ করা জমিতে আগামী এক মাসের মধ্যে খেলার মাঠ নির্মাণ করা হবে।

দখলমুক্ত স্থানে এক মাসের মধ্যে খেলার মাঠ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় উচ্ছেদ করা জমিতে আগামী এক মাসের মধ্যে খেলার মাঠ নির্মাণ করা হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রাজধানীর ফরিদাবাদ সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং রাস্তা ও ফুটপাতের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক জানান, জায়গাটি প্রায় ৪৮ থেকে ৫০ বছর অবৈধ দখলে ছিল এবং সেখানে মাদকের আড্ডা চলত। উচ্ছেদের পর সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ ও নতুন সড়ক তৈরি করা হবে। পর্যাপ্ত জায়গা থাকলে একটি কমিউনিটি সেন্টার করারও পরিকল্পনা রয়েছে। আগামী এক মাস পর মাঠটি উদ্বোধনের কথা জানান তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ৪৭ নম্বর ওয়ার্ডে চলমান ১১ কোটি টাকার সঙ্গে নতুন আরও ৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে, যার ফলে এই ওয়ার্ডে মোট ১৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে।

পরিদর্শনকালে প্রশাসক সেখানে চারা রোপণ করেন এবং মশার লার্ভা নিধন কার্যক্রমে অংশ নেন। তিনি নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে এবং কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান এবং ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।