ডেইলি বাংলাগ্রাম

তৃণমূলের ক্ষমতায়ন ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না: স্থানীয় সরকার মন্ত্রী

তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্বের বিকেন্দ্রীকরণ না হলে দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

তৃণমূলের ক্ষমতায়ন ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না: স্থানীয় সরকার মন্ত্রী

তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্বের বিকেন্দ্রীকরণ না হলে দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যাতে নাগরিকরা নিজ এলাকা থেকেই প্রয়োজনীয় সব সেবা পেতে পারেন।

রাজধানীর ওপর মানুষের বাড়তি চাপ কমাতে তৃণমূলের শাসনব্যবস্থাকে শক্তিশালী করার আহ্বান জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, জন্মনিবন্ধনের মতো সাধারণ সেবার জন্য প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মন্ত্রণালয়ে আসতে হলে তা ব্যবস্থার দুর্বলতা নির্দেশ করে। অনুষ্ঠানে তিনি এলজিসিআরআরপি (LGCRRP) প্রকল্প বাস্তবায়নে অবদান রাখায় বিশ্বব্যাংকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন। সেই সঙ্গে উন্নয়ন প্রকল্পের সুফল ধরে রাখতে জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর জোর দেন।

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে নারীদের শুধু সংরক্ষিত নয়, সাধারণ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করার পরিবেশ তৈরি করতে হবে। এতে গণতন্ত্র ও নারীর অধিকার উভয়ই সুসংহত হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের প্রধান জেন পেসমি।