ডেইলি বাংলাগ্রাম

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ নিশ্চিতভাবেই হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জাতীয়করণ আজ কিংবা কাল হবেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ নিশ্চিতভাবেই হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জাতীয়করণ আজ কিংবা কাল হবেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের এক সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, অতীতে শহীদ জিয়া ও খালেদা জিয়া শিক্ষকদের মর্যাদা বাড়িয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই জাতীয়করণের এই দাবি পূরণ হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। এ জন্য বছরে অতিরিক্ত ৭০০ থেকে ৮০০ কোটি টাকা প্রয়োজন হবে উল্লেখ করে তিনি সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি পৌঁছানোর পরামর্শ দেন।

বর্তমান সরকারের সাত মাসের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সরকার কাজ করছে। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরে যাওয়া প্রায় এক লাখ শিক্ষকের ভাতার জন্য ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এছাড়া শিক্ষা বাজেট তিন গুণ ও স্বাস্থ্য বাজেট দ্বিগুণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাদে ৫.৫ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল বসাতে শিক্ষা মন্ত্রণালয় আর্থিক সহায়তা দেবে বলেও তিনি জানান। এর মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুতের পাশাপাশি গ্রিডে বিদ্যুৎ বিক্রি করে প্রতিষ্ঠানগুলো মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা আয় করতে পারবে।

শিক্ষকদের সমাজের চালিকাশক্তি আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী তাঁদের মর্যাদা ক্ষুণ্নকারী অপপ্রচারের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, পূর্ণাঙ্গ জাতীয়করণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে কোনো আইনি বা নীতিগত বাধা নেই। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।