মেয়েরা বিশ্বমঞ্চে দেশের নেতৃত্ব দেবে: ক্রীড়াঙ্গন নিয়ে ববি হাজ্জাজ
বাংলাদেশের নারীরা জাতীয় পর্যায় ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বড় অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বাংলাদেশের নারীরা জাতীয় পর্যায় ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বড় অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ জানান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় মেয়েদের সম্পৃক্ততা বাড়াতে হবে। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের খেলার প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ নিশ্চিত করা জরুরি।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ফুটবল, ক্রিকেট, দাবা কিংবা ব্যাডমিন্টনে শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী খেলার সুযোগ করে দিতে হবে। মেয়েরা আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করবে এবং নেতৃত্ব দেবে, এটাই মূল লক্ষ্য। তিনি জানান, মাঠ, প্রশিক্ষণ বা ক্রীড়া সামগ্রীর কোনো সংকট থাকলে কর্তৃপক্ষকে জানাতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে নারীদের মেধা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
শিক্ষাপ্রতিষ্ঠানের মান ও অবকাঠামো উন্নয়নে অভিভাবক এবং কর্তৃপক্ষের সমন্বিত ভূমিকার ওপর জোর দেন ববি হাজ্জাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি রুনা লায়লা রুনা। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।