ডেইলি বাংলাগ্রাম

গ্রাহকদের সোয়া আট কোটি টাকা আত্মসাৎ: অগ্রণী ব্যাংকের পাঁচজন গ্রেপ্তার

গ্রাহকদের সোয়া আট কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রাহকদের সোয়া আট কোটি টাকা আত্মসাৎ: অগ্রণী ব্যাংকের পাঁচজন গ্রেপ্তার

গ্রাহকদের সোয়া আট কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুন্সিগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভুয়া এফডিআর তৈরি, চেক জালিয়াতি ও ব্যাংক হিসাবের তথ্য বদলে ৯১ জন গ্রাহকের আট কোটি ১৯ লাখ ৮০ হাজার ৮২৬ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। দুদকের সহকারী পরিচালক মাহাথীর মোহাম্মদ সামী ও উপসহকারী পরিচালক মো. রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান চলে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রেজাউল হক, সাবেক ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো. শরীফ উদ্দীন, সাময়িক বরখাস্ত ক্যাশ অফিসার মো. জিন্নাহ হোসেন, নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ এবং সাময়িক বরখাস্ত নিরাপত্তাকর্মী আব্দুল হাই। সংস্থাটি জানায়, আসামিরা অতিরিক্ত সুদের লোভ দেখিয়ে গ্রাহকদের ভুয়া এফডিআর দিতেন। এ ছাড়া চেক জালিয়াতি, ভুয়া জমা স্লিপ তৈরি এবং গ্রাহকদের হিসাবের তথ্য পরিবর্তন করে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

ঘটনার বিষয়ে দুদকের অনুসন্ধান কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। তদন্তকারীদের ধারণা, এই ঘটনায় প্রতারিত গ্রাহকের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে যেতে পারে। ফলে আত্মসাৎ করা অর্থের পরিমাণও আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করছে এবং অনুসন্ধান শেষে দ্রুত এ বিষয়ে মামলা দায়ের করা হবে।