ডেইলি বাংলাগ্রাম

বিমান বাহিনী একাডেমিতে কর্মকর্তাদের ওসমানী স্বর্ণপদক বিতরণ

যশোরের বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক ও সনদ বিতরণ করা হয়েছে।

বিমান বাহিনী একাডেমিতে কর্মকর্তাদের ওসমানী স্বর্ণপদক বিতরণ

যশোরের বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক ও সনদ বিতরণ করা হয়েছে। বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্স এবং বিবিএ কোর্সে সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫ ও ৮৬ বাফা কোর্সের কর্মকর্তারা এই সম্মাননা লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত থেকে পদক ও সনদ তুলে দেন।

কৃতী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, চমৎকার প্রাতিষ্ঠানিক ফলাফল কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মজীবনের মজবুত ভিত্তি গড়ে তোলে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি তরুণ কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের সহায়তা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে কঠোর শৃঙ্খলা ও আধুনিক প্রশিক্ষণের তাগিদ দেন।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এবং বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির এয়ার অধিনায়ক, ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি এবং বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশ নেন।